নেচার ইনডেক্সের সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা এবং গবেষকদের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এ অর্জন করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ।
সর্বশেষ প্রকাশিত নেচার ইনডেক্স অনুযায়ী, ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৪তম। গত বছর দেশের অবস্থান ছিল ৬১তম, ফলে এক বছরের ব্যবধানে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।
বিশ্বের ১৭৮টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণ করে নেচার ইনডেক্সের এ সূচক তৈরি করা হয়েছে। সূচক অনুযায়ী, এ সময়ে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের প্রকাশিত মোট গবেষণা নিবন্ধের সংখ্যা ১৪৩টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘নেচার ইনডেক্সে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আমাদের জন্য অত্যন্ত গৌরবের।’
তিনি আরও বলেন, ‘গবেষণাই উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় উন্নয়ন এবং বৈশ্বিক অগ্রগতিতে কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনলাইন ডেক্স 























