ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে চার বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটবে জ্যোতির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি। তিনি জানান, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি।
জাপানের নাগোয়ায় আজ এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের ব্যবধানে হারের পর জ্যোতি বলেন, ‘আমি মনে করি একজন ব্যাটার ও ক্রিকেটার হিসেবে দেশের বা দলের জন্য আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি সেদিকেই মনোযোগ দিতে চাই। এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান জ্যোতি। তার নেতৃত্বে ৮১টি ম্যাচ খেলে ৩২টিতে জয় এবং ৪৮টিতে পরাজিত হয় টাইগ্রেসরা। তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।
এ বছরের টি-টোয়েন্টি এশিয়া কাপে চার ম্যাচে মোট ৫৬ রান করেন জ্যোতি। এছাড়া চলতি বছর ঘরের মাঠে শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
অনলাইন ডেক্স 























