গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে যেতে হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার গণভোটে ‘জুলাই সনদের’ পক্ষে জনগণের রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন করছে না।
শনিবার (১৮ জুলাই) বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গণভোট ও জুলাই সনদের পক্ষে প্রচার চালালেও নির্বাচনের পর ৭০% জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছেন না।
তিনি আরও বলেন, ‘আমরা এখনও হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিইনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সে ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে।’ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার মানে এই নয় যে যা খুশি তাই করবেন।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু ৫ আগস্ট পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে।’ তিনি দাবি করেন, বিএনপি কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না এবং তারা ক্ষমতার জন্য লড়াই করেছে।
নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।’
অনলাইন ডেক্স 























