শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় নাই- এইটা একটা আন্দোলনের সাবজেক্ট হলো?’
মন্ত্রী শুক্রবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
তিনি জানান, ‘যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না।’ মন্ত্রী বলেন, তিনি চেষ্টা করেছেন যেন প্রান্তিক মানুষেরা কষ্ট না পায়।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাচ্ছেন। এজন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হচ্ছে।’
এছাড়া, তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। সোলার বিদ্যুতের কারণে জ্বালানির আমদানি কমবে এবং অর্থ সাশ্রয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনলাইন ডেক্স 























