চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তারা বলছে, প্রয়োজনীয় সংস্কার না হলে প্রবৃদ্ধি আরও কমে ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।
বৃহস্পতিবার আইএমএফ এক বিবৃতিতে এ পূর্বাভাস দেয়। ১২ জুলাই থেকে আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করছে, যার নেতৃত্ব দিচ্ছেন মিশনপ্রধান ইভো ক্রজনার। আজ ছিল তাদের সফরের শেষ দিন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে আইএমএফ এ বিবৃতি দেয়। তারা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করেছে।
আইএমএফের মতে, প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে গেলে কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আয় বাড়ানোর গতি কমে যাবে, যা শিল্প ও সেবা খাতে বিনিয়োগে ভাটা ফেলতে পারে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে। আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা আগামী অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় হবে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ এখনো রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত চ্যালেঞ্জের মুখোমুখি। তারা রাজস্ব আহরণে জোর দিতে এবং সামাজিক সুরক্ষা খাতে অগ্রাধিকারমূলক ব্যয়ের জন্য রাজস্ব সক্ষমতা তৈরি করতে বলেছে।
অনলাইন ডেক্স 























