সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে রুস্তম আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচ থেকে ছয়জন।
পুলিশ সূত্রে জানা যায়, আস্তমা গ্রামের নজিব আলী (৭০) ও আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে রাত আনুমানিক ১০টার দিকে নজিব আলীর বাড়ির পাশের মোবাইল টাওয়ারের সামনে আবারও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত রুস্তম আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নজিব আলী, রাসেল আহমদ এবং জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় এজাহার পাওয়ার পর নিয়মিত মামলা দায়ের করা হবে।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























