সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট ভিত্তিতে প্লে-ল্যাব ও স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) ল্যাব চালুর সম্ভাবনা বিবেচনা করছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সোমবার (১৩ জুলাই) রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে স্টেম শিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার।
তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছে, যা একটি প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট নয়। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।
ববি হাজ্জাজ জানান, ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার বাস্তবায়িত প্লে-বেইজড শিক্ষা কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব উদ্যোগের কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে। শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনলাইন ডেক্স 























