সিলেট বিভাগের ছাতক উপজেলার গোন্দফপুরে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৭ মাস বয়সী জায়ান আহমদ মারা গেছেন। সোমবার (৬ জুলাই) শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।
শিশুটির মৃত্যু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটে। একই সময়ে নতুন করে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৩ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪২২ জন ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়েছে। এই বছর সুনামগঞ্জে ২৩৪ জন, সিলেটে ১৩১ জন, হবিগঞ্জে ৪১ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
এছাড়া, চলতি বছরের শুরু থেকে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩৮ জন, সিলেটে ৩১ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জনের মৃত্যু হয়েছে।
ডা. মাহবুবুল আলম জানান, সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
অনলাইন ডেক্স 























