প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
তিনি বলেন, আইসিটি থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। বিচারে যদি দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন।
সাম্প্রতিক সময়ে তুরাগে ঘটে যাওয়া কয়েকটি মৃত্যুর ঘটনা সম্পর্কে ডা. জাহেদ বলেন, এসব ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। সরকার এসব ঘটনার তদন্ত করবে। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতরা পালানোর চেষ্টা করছিলেন এবং সে ধরনের পরিস্থিতিতেই ঘটনাগুলো ঘটেছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের জীবন মূল্যবান এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আইন মেনে চলার আহ্বান জানান।
ডা. জাহেদ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, দলের নৈতিক শক্তি নেই এবং অর্থের জোরে বড় কিছু করার সক্ষমতা নেই। ভারত সরকারকে দলের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রীয় পর্যায়ে জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলায় আসামি এবং অনেকে দণ্ডপ্রাপ্ত। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার নিয়মিত উদ্যোগ অব্যাহত রেখেছে।
অনলাইন ডেক্স 























