প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা কেবল ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। রবিবার (২৮ জুন) রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের, যা উদ্বেগজনক। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
ববি হাজ্জাজ উল্লেখ করেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বহু শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছেন, যেখানে কর্মসংস্থানের সুযোগ কম। তাই ক্যারিয়ারভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা সম্প্রসারণ জরুরি। অনুষ্ঠানে তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 



















