রামিসা হত্যা মামলায় সোহেলের — রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করেন। আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক উপায়ে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
রায় শুনতে সকালে হাইকোর্টে উপস্থিত হন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ সময় তিনি আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানান। এর আগে সোমবার (১৬ নভেম্বর) রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে পরদিন রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, কোনো ধরনের মুলতবি ছাড়াই এক কার্যদিবসে মামলাটির শুনানি শেষ হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা নিজেই ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। অপরদিকে, অপরাধ সংঘটনে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী স্বপ্না খাতুনকেও একই সাজা দেওয়া হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
গত ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়।
সব বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ে দুই আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। নির্ধারিত জরিমানা পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় মামলাটির বিচারিক রায় ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা হাইকোর্টে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট।
অনলাইন ডেক্স 























