বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে — বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১২৪ টাকা ৫০ পয়সা দরে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এই নিলামের পর রেমিট্যান্স হাউজগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে তুলনামূলক কম দামে ডলার বিক্রি করেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার সকালে রেমিট্যান্স হাউজগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে প্রতি ডলার ১২৪ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করেছিল। তবে দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের নিলামের পর প্রতি ডলারের দাম কমে ১২৪ টাকা ৫০ থেকে ৬০ পয়সায় নেমে আসে।
একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির পর ডলারের দাম কিছুটা কমেছে। যদিও এদিন পেমেন্টের চাপ কম ছিল। এদিন পেমেন্টের ক্ষেত্রে প্রতি ডলারের দাম ছিল ১২৫ টাকা থেকে ১২৫ টাকা ১০ পয়সা।
এর আগে গত সপ্তাহে ডলারের দাম ১২৫ টাকা ছাড়িয়ে যায়। তখন বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহ করেছিল প্রতি ডলার ১২৫ টাকা ১০ থেকে ১২৫ টাকা ১৫ পয়সা দরে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ২০০ মিলিয়ন ডলার বিক্রি করে। ওই নিলামের পরও ডলারের দাম কিছুটা কমে আসে।
বাংলাদেশ ব্যাংক রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি প্রতিরোধে রপ্তানিকারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। এতে ইলেকট্রনিক নথি আদান-প্রদান এবং ব্যাংকের পেমেন্ট বা অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ অনুমোদনের (জেনারেল অথরাইজেশন) আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর ক্ষেত্রে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিতে হবে রপ্তানিকারকদের।
এ ছাড়া ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো ধরনের পরিবর্তনের অনুরোধ এলে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আগে পূর্বনির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে রপ্তানিকারকদের কাছ থেকে বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিকারকদের যেকোনো সন্দেহজনক লিংক, অযাচাইকৃত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার মতো প্রতারণামূলক অনুরোধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ হলে, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন দেখা গেলে কিংবা নথিপত্র জালিয়াতির ঘটনা ঘটলে রপ্তানিকারকদের অবিলম্বে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে জানাতে হবে।
একই সঙ্গে উপযুক্ত যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক নির্দেশনাগুলো দ্রুত রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় বিসিক ভবনের মিলনায়তনে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের অবদান বর্তমানে প্রায় ২৫ শতাংশ। এ অবদান বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ খাতের বিকাশ ঘটলে আয়বৈষম্য কমার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছেন। শুধু বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে এত মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা তৈরি ও বিকাশের মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
ঋণ কার্যক্রমের বিষয়ে শিল্পমন্ত্রী জানান, বর্তমানে জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ সীমা বাড়ানোর সুযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের পরিমাণ এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি। এটি উদ্যোক্তাদের দায়িত্বশীলতার ইতিবাচক দৃষ্টান্ত।
অনলাইন ডেক্স 



















