গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের — গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান।
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা মজুরি হারের বিষয়ে তাদের লিখিত প্রস্তাব উপস্থাপন করবেন। একই সঙ্গে এ শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।
এর আগে গত ১৬ নভেম্বর সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয় শ্রম ভবনে সভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সভাটি স্থগিত করা হয়।
ওই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য নির্ধারিত সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভার নতুন তারিখ জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছিল।
নতুন নোটিশে বোর্ডের সব সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরের কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাসসহ কয়েকটি এলাকায় শ্রমিকরা যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোগড়া এলাকার আরও পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিনসড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে বাসা থেকে বের হন। তবে কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন তারা। একপর্যায়ে ভোগড়া এলাকার পাঁচটিসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণার পর শ্রমিকরা দলবদ্ধভাবে কারখানা থেকে বের হয়ে ভোগড়া ও চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকদের সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির প্রবেশমুখে অবস্থান নিতে দেখা যায়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর মঙ্গলবার সকালে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। হেমায়েতপুরের পদ্মার মোড়সহ আশুলিয়ার কয়েকটি এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় অবরোধ করেন পোশাকশ্রমিকরা। বেলা ১১টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেন বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
অনলাইন ডেক্স 























