যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধে দক্ষিণ — যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের ফলে ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের এআই ও ডেটা সেন্টার শিল্প চাপে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) অঞ্চলটির বিভিন্ন প্রযুক্তি ও ডেটা সেন্টার-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দরে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
নতুন মার্কিন বিধিনিষেধের আওতায় মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশে উন্নত প্রযুক্তির চিপ সরবরাহ সীমিত করা হয়েছে। এসব দেশের কিছু চীনা প্রতিষ্ঠান এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা পেতে চিপ ব্যবহার করে আসছিল। পাশাপাশি চীনে সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি ডেটা সেন্টারগুলোর ওপর নতুন শর্ত আরোপ করা হয়েছে।
বিধিনিষেধের ফলে মালয়েশিয়ার ওয়াইটিএল পাওয়ারের শেয়ারের দর প্রায় ১০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়াইটিএল করপোরেশনের শেয়ারও ৮ শতাংশ কমেছে। চিপ শিল্পে সেবা দেওয়া ফ্রন্টকেনের শেয়ারের দর ৪ শতাংশ কমেছে।
সিঙ্গাপুরের চিপ সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রেনকেনের শেয়ার ৩ দশমিক ৯১ শতাংশ এবং সেমিকন্ডাক্টর পরীক্ষাকারী প্রতিষ্ঠান এইএমের শেয়ার ২ দশমিক ৯ শতাংশ কমেছে। এ ছাড়া চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের ডেটা সেন্টার-সংশ্লিষ্ট উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও নেতিবাচক প্রভাব পড়েছে।
নতুন নিয়মে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রাজিলকে এমন দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে উন্নত চিপ অন্যত্র সরিয়ে নেওয়ার ঝুঁকি ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে রয়েছে। ফলে এসব দেশে নির্দিষ্ট ধরনের উন্নত চিপ রপ্তানির ক্ষেত্রে এখন মার্কিন লাইসেন্স নিতে হবে।
এমবিএসবি ব্যাংকের বিশ্লেষকদের মতে, যেসব ডেটা সেন্টার চীনা এআই গ্রাহক বা স্বচ্ছ নয় এমন ‘জিপিইউ-অ্যাস-এ-সার্ভিস’ ব্যবস্থার ওপর নির্ভরশীল, তাদের লাইসেন্স গ্রহণ ও গ্রাহক যাচাইয়ের প্রক্রিয়ায় আরও বেশি সময় লাগতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেটা সেন্টার শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে দেশটিতে ডেটা সেন্টার-সংশ্লিষ্ট ৩৮৫ দশমিক ৭ বিলিয়ন রিঙ্গিত বা প্রায় ৯৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ অনুমোদন করা হয়েছে।
থাইল্যান্ডে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪২টি ডেটা সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি সক্ষমতা ৩ হাজার ৪০০ মেগাওয়াট এবং বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৫০ বিলিয়ন বাথ বা ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৫ সালে ইন্দোনেশিয়ার ডেটা সেন্টার বাজারের মূল্য ছিল ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
এআই শিল্পের সম্প্রসারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখছে। এ খাতের প্রসারের কারণে সিঙ্গাপুর চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ২ থেকে ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশ করেছে। অন্যদিকে, মালয়েশিয়ায় ডেটা সেন্টার নির্মাণ প্রকল্প বাড়ায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে দেশটির নির্মাণ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।
নতুন মার্কিন বিধিনিষেধের প্রভাব পর্যালোচনা করছে সিঙ্গাপুর সরকার। দেশটির বাণিজ্য ও যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে। একই সঙ্গে নিয়মটির আওতা ও বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
সিঙ্গাপুর সরকার আরও জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সুনাম তাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠান যেন সিঙ্গাপুরের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতাকে কাজে লাগিয়ে অন্য দেশের আইন বা রপ্তানি নিয়ন্ত্রণনীতি এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছে।
অনলাইন ডেক্স 
























