গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (৪ নভেম্বর) বিকেলে এ সহায়তা তুলে দেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় তৌফিকের বাড়িতে যান। সেখানে নিহতের স্ত্রী সেতু মনি ও বড় ভাই হারুন উর রশিদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা তুলে দেন।
পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
অনলাইন ডেক্স 
























