রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির দেওয়া বিবৃতিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে স্পষ্ট। তারপরও টিআইবির মিথ্যা বর্ণনামূলক বিবৃতিতে জামায়াতকে জড়ানো অনভিপ্রেত ও দুরভিসন্ধিমূলক।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাদার কাজ নির্বিঘ্নে সম্পাদনের পরিবেশ প্রত্যাশা করে। জামায়াতকে নিয়ে টিআইবির মনগড়া তথ্যনির্ভর বিবৃতি দেওয়া থেকে ভবিষ্যতে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নাগরিকদের সুরক্ষা ও অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিমূলক তথ্য কিংবা ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।’
অনলাইন ডেক্স 
























