জাতিসংঘের সফর শেষে দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ‘তারেক রহমানের জন্য, বাংলাদেশ ধন্য’ স্লোগানে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা তারেক রহমানকে অভিনন্দন জানান বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য।
মিছিল শেষে বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম পরিবর্তন নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ তুলে আমানউল্লাহ আমান বলেন, ‘হাদিকে যদি ভালোবাসেন, তাহলে নতুন একটা হল বানিয়ে তার নামে আলাদা হল করেন। আরেকজনেরটা মুছতে হবে কেন?’
তিনি জামায়াত ও সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সমালোচনা করে বলেন, ‘আপনারা যে ইনটেনশনালি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।’ একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘আবার আওয়ামী লীগের সঙ্গে একটা গোপনে গোপনে প্রেম হয়ে গেছে।’
মিছিল ও সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 





















