মিশরের মনুফিয়া প্রদেশের শোহাদা এলাকার মিত শাহালা গ্রামের বাসিন্দা সানা আবদেল সাত্তার ৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তিনি পড়তে বা লিখতে জানেন না, তবে ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা তৈরি করেছিলেন।
সানা জীবনের নানা দায়িত্ব ও প্রতিকূলতার মধ্যে কোরআন মুখস্থ করার চেষ্টা চালিয়ে গেছেন। বিয়ের পর সংসারের দায়িত্ব এবং স্বামীর অসুস্থতার কারণে তার হিফজের কাজ কিছু সময়ের জন্য থেমে যায়। তবে তিনি কখনো কোরআন হিফজের ইচ্ছা থেকে সরে যাননি।
বর্তমানে তিনি নিয়মিত কোরআন পুনরাবৃত্তি করছেন এবং ২০ জনের বেশি নারীর সঙ্গে কোরআনের মজলিসে অংশ নেন। সানা ও তার সহযোগীরা একে অপরকে কোরআন শুনিয়ে মুখস্থ করা অংশগুলো পুনরাবৃত্তি করেন।
সানার হিফজ জীবনের একটি স্মরণীয় ঘটনা হলো এক বৈঠকে তিনি পুরো কোরআন মুখস্থ থেকে তিলাওয়াত করে শোনান। ফজরের নামাজের পর শুরু করে মাগরিবের সময় পর্যন্ত তিনি প্রায় ১৪ ঘণ্টায় পুরো কোরআন তিলাওয়াত করেন।
সানার এই কাহিনী প্রমাণ করে যে, বয়স কিংবা জীবনের প্রতিকূলতা দৃঢ় ইচ্ছাশক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বর্তমানে কোরআন পুনরাবৃত্তি তার প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
অনলাইন ডেক্স 
























