ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ওলিভিয়ার জিরুড। ৪০ বছর বয়সে তিনি বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন।
ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি একসময় তার দখলে ছিল, তবে সম্প্রতি কিলিয়ান এমবাপ্পে তাকে পেছনে ফেলে সেই চূড়ায় নাম লেখান। জিরুড ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার মনে হয়, খুব সম্ভবত এটিই আমার শেষ মৌসুম হতে যাচ্ছে।’
জিরুড তার ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলো মাঠে উপভোগ করছেন এবং বলেন, ‘আর এ কারণেই আমি এখন প্রতিটা মুহূর্ত পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছি।’
ফ্রান্স জাতীয় দলের হয়ে জিরুডের সাফল্য ঈর্ষণীয়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপাজয়ী দলের অন্যতম মূল কারিগর ছিলেন তিনি। ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে ৫৭টি গোল করেছেন জিরুড। ২০২২ কাতার বিশ্বকাপে থিয়েরি অঁরিকে টপকে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন, যা সম্প্রতি এমবাপ্পে নিজের করে নিয়েছেন।
ক্লাব ফুটবলেও জিরুড সাফল্যমণ্ডিত ক্যারিয়ার কাটিয়েছেন। ফরাসি ক্লাব মন্টপেলিয়ে এবং ইতালিয়ান এসি মিলানের হয়ে লিগ শিরোপা জিতেছেন। ২০২১ সালে ইংলিশ ক্লাব চেলসির হয়ে ইউরোপ সেরা হওয়ার ট্রফি ‘চ্যাম্পিয়নস লিগ’ জেতেন। এছাড়া আর্সেনালের হয়ে মোট চারবার ঐতিহ্যবাহী এফএ কাপের শিরোপাও জিতেছেন তিনি।
অনলাইন ডেক্স 


















