জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা এ প্রতিনিধিদলকে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। তার নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অঙ্গীকার ও প্রত্যাশা তুলে ধরা হয়েছে, যা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জন্য একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ ঘটনা।
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
অনলাইন ডেক্স 

























