১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
সাবেক সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত/অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেন এই তথ্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হয়।
প্রসিকিউটর তানভীর হাসান জানান, মোজাফফর দাবি করেছেন যে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তাকে জিয়ার মরদেহ ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি সেই নির্দেশ অমান্য করে মরদেহ পাহাড় থেকে ফেলেননি।
মোজাফফর বলেন, তিনি একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের মরদেহ একটি কবরে দাফন করেন, তবে ইমামকে জানানো হয়নি যে এটি রাষ্ট্রপতির মরদেহ।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তার এই জবানবন্দি নতুন আলোচনা সৃষ্টি করেছে।
অনলাইন ডেক্স 

























