রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। শফিকুর রহমান বলেন, ক্ষমতার গরমের আঁচ এবার স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর পড়েছে। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালান। হামলার পর সেখানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, ঘটনাস্থলে রহস্যজনক একটি সাইনবোর্ডও টানানো হয়েছে।
শফিকুর রহমান প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ঘটনার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করা প্রয়োজন। সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেও এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শফিকুর রহমান।
অনলাইন ডেক্স 























