তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিরোধী শক্তির উদ্দেশে বলেছেন, 'হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন।' তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তারা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন। তিনি দাবি করেন, দেশের জনগণ তাদের সঠিক বিচার করবে।
বিক্ষোভ মিছিলে ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে একটি যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রতিমন্ত্রী আরো বলেন, '৭১ সালে, ৯০-এ, ৯৬-এ এবং ২০২৪ সালেও বিরোধী শক্তি ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের কোনো লাভ হয়নি।' তিনি দেশের মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তারা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনলাইন ডেক্স 























