নেইমারের অধ্যায় শেষ করে ব্রাজিলের ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সি পরিধান করতে যাচ্ছেন রাফিনিয়া। বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোতে এই জার্সি পরে খেলবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছে।
রাফিনিয়ার নামের পাশে ১০ নম্বর জার্সি রাখা হয়েছে। এর আগে ২০২৬ বিশ্বকাপে এই জার্সি পরেছিলেন নেইমার, যিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও এই জার্সি পরে মাঠে নেমেছিলেন। নতুন চক্রে রাফিনিয়ার গায়ে উঠছে সেই জার্সি।
রাফিনিয়ার জন্য ১০ নম্বর জার্সির পরিচয় নতুন নয়। ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমারের অনুপস্থিতিতে তিনি এই জার্সি পরেছিলেন। তবে জাতীয় দলের হয়ে বেশিরভাগ সময় ১১ নম্বর জার্সিতে খেলেছেন তিনি।
রাফিনিয়া ১০ নম্বর পাওয়ায় তার পুরোনো ১১ নম্বর জার্সি পেয়েছেন এস্তেভাও। ভিনিসিয়ুস জুনিয়র আগের মতো ৭ নম্বর জার্সি পরবেন এবং ৯ নম্বর জার্সি দেওয়া হয়েছে এনদ্রিককে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নতুন চক্র শুরু করবে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচটি ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের দল।
অনলাইন ডেক্স 























