নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি মো. আরিফুল ইসলাম ভূইয়া (৩৫) ও তার দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে বিএনপি সমর্থক শফিকুল ইসলাম মামলা করেছেন। মামলাটি ১১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয়।
অপরদিকে, গণঅধিকার পরিষদ নেতার ব্যবসায়িক অংশীদার ও এক সমর্থক বিএনপি নেতা, সমর্থকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিএনপি সমর্থকের দায়ের করা মামলায় আরিফুল ইসলামের দুই ভাই মো. আল-আমিন ভূইয়া (৩৮) ও মো. সজীব ভূইয়া (২৫), মোঃ সেন্টু ভূইয়া (৩০) ও আমজাদ হোসেন (৩৫) উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১০/১২ জনকেও আসামি করা হয়েছে।
১২ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদ নেতার ব্যবসায়ীক পার্টনার ও তার সমর্থকের দায়ের করা মামলায় আসামিরা হলেন মোঃ জাকির হোসেন, মোহাম্মদ আলী, মো. শহিদুল্লাহ, মো. নবীর হোসেন, আয়াত উল্লাহ, সুবেদ আলী, রাজা মিয়া, শফিকুল ইসলাম ও মোস্তফা কামাল। মামলার আসামিদের মধ্যে মোস্তফা কামাল ও মোহাম্মদ আলী নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
বিএনপি সমর্থকের দায়ের করা মামলার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীদের জমিতে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করলে তারা বাধা প্রদান করেন। এ সময় অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহতরা নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি মো. আরিফুল ইসলাম ভূইয়া জানান, তারা জমির মূল ওয়ারিশ থেকে ৪৫ শতাংশ জমি বায়না করেন, কিন্তু বিএনপি সমর্থকরা অবৈধভাবে তাদের জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ ১১ সেপ্টেম্বর তাদের মামলা রেকর্ড করে এবং ১২ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, মারামারির অভিযোগে গণঅধিকার পরিষদ নেতা, তার ভাই ও সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলছে।
অনলাইন ডেক্স 
























