ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার (১৩ সেপ্টেম্বর) এক হত্যাচেষ্টা মামলায় শুনানির সময় মাথা ঘুরে পড়ে যান মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস। আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর মিষ্টি সুবাসকে আবার হাজতখানায় নেওয়া হয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি সুস্থতা অনুভব করলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে নেওয়া হয়। আদালতে উপস্থিত হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’
মিষ্টি সুবাসের আইনজীবী গোলাম রাব্বানী জানান, গত ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে চার মামলায় গ্রেফতার দেখানো হয়। জামিন পেয়ে তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর নতুন করে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আতোয়ার রহমান। আদালত ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির দিন ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেন।
শুনানির সময় মিষ্টি সুবাস আদালতে বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনও অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ তবে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ অগাস্ট ঢাকার আশুলিয়া থানার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার সময় কিশোর মো. আবির গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
অনলাইন ডেক্স 
























