আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি হাজিদের সমস্যা সমাধানে সরকার সচেষ্ট রয়েছে।
গতবার একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হজযাত্রী সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়। এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
হাজিদের সেবার বিষয়ে মন্ত্রী জানান, গতবার সরকার বিনামূল্যে ১ লাখ পানির বোতল সরবরাহ করেছে এবং লাগেজ র্যাপিংয়ের জন্য কোনো অর্থ ব্যয় হয়নি। পুরো কার্যক্রম সরকারের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।
শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে মন্ত্রণালয়।
অনলাইন ডেক্স 

























