পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান প্রায় সাড়ে তিন বছর ধরে কারাবন্দী রয়েছেন। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি হলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট চিকিৎসার নির্দেশ দেন।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লেখেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক ইমরানের প্রতি সরকারের আচরণকে ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করেছেন।
আশরাফুল বলেন, ‘পাকিস্তানে দুর্নীতি দূর করার লক্ষ্যেই ইমরান রাজনীতিতে এসেছিলেন। এমন একজন মানুষকে অমানবিক পরিবেশে কারাগারে রাখা কোনো সভ্য দেশের কাছে কাম্য হতে পারে না।’ তিনি ইমরানের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিও তুলে ধরেন।
আশরাফুল আরও জানান, ১৯৭১ সালে ঢাকায় লাহোর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময় তাদের পরিচয় হয়। স্বাধীনতার পর ইংল্যান্ডে পড়াশোনার সময়ও তাদের যোগাযোগ ছিল। ইমরান রাজনীতিতে যোগ দেওয়ার পরও তাদের বন্ধুত্ব অটুট ছিল।
তিনি বলেন, ইমরানের প্রতি বর্তমান আচরণ বন্ধ করতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। আশরাফুলের মতে, ইমরান পাকিস্তানের ভালোর জন্য রাজনীতিতে এসেছিলেন এবং তার প্রতি যে আচরণ করা হচ্ছে, তা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বেআইনি।
অনলাইন ডেক্স 

























