বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতের ১২টি প্রতিষ্ঠান ইউরোপের অন্যতম বৃহত্তম এপারেল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অপারেল সৌর্কিং প্যারিস-২০২৬’-এ অংশগ্রহণ শুরু করেছে। এই মেলা ৩১ আগস্ট প্যারিসের লে বুরগেট প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে এবং ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, প্যারিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলায় ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। মেলার উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণের লক্ষ্য হচ্ছে ইউরোপের বাজারে তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের সম্প্রসারণ, আন্তর্জাতিক বায়ার আকর্ষণ এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশগ্রহণ বাংলাদেশের রপ্তানি বাজার বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলার প্রথম দিনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফ্রাঙ্কফুর্ট বাণিজ্য মেলার প্রধান নির্বাহীর সঙ্গে দ্বিপাক্ষিক সভা করবেন এবং ফ্রান্সের প্রসিদ্ধ ব্র্যান্ড Celio-এর প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।
বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নীট কম্পোজিট লি., নরবান কমপ্টেক্স লি., ওয়ার্পটেক্স বাংলাদেশ, বিএনএম গার্মেন্টস লি., ফেবিট্যাক্স ইন্ডাস্ট্রিজ লি., ইউনাইটেড ক্রিয়েশন, ফেব্রিকা নীট কম্পোজিট, ডুকাতি এপারেলস লি., কোরাস ফ্যাশন লি., বেঙ্গল গ্লোরি লি. এবং সিয়াম ফেব্রিক্স লি.।
অনলাইন ডেক্স 





















