পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান তিন বছর ধরে কারাগারে আছেন। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ রয়েছে। এ অবস্থায় ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
গত ২৪ আগস্ট, ইমরান খানের চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক একযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি পাঠান। এই চিঠির প্রতি সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও।
মিয়াঁদাদ পাকিস্তানের সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইমরান খান পাকিস্তানকে খেয়ে ফেলবে না এবং সমস্যার সমাধানে একসঙ্গে বসার আহ্বান জানান। তিনি বলেন, “এটা ঠিক নয় যে পরিস্থিতিকে অযথা দীর্ঘায়িত করা হচ্ছে।”
মিয়াঁদাদ জানান, ইমরান খানের সঙ্গে তার কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। তিনি বলেন, “আমরা একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি এবং আমাদের সম্পর্ক খুব ভালো ছিল।”
অবসর-পরবর্তী সময়ে ইমরান খানের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে মিয়াঁদাদ সমালোচনা করলেও, তিনি ইমরানের অবদানের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তিনি একজন সৎ মানুষ এবং আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক।”
অনলাইন ডেক্স 
























