লেস্টার সিটির সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। লেস্টার মার্কারি.কো.ইউকে'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার পোর্টম্যান রোডে কারাবাও কাপের গ্রুপ পর্বের ম্যাচে লেস্টার সিটি ও ইপসউইচ টাউনের মুখোমুখি হয়। এই ম্যাচে হামজাকে একাদশে রাখা হয়নি, যা তার ক্লাব ছাড়ার গুঞ্জনকে আরও জোরালো করেছে। ম্যাচ শেষে লেস্টার কোচ রাসেল মার্টিন বলেন, 'যদি হামজা শেষ পর্যন্ত থেকে যায়, সেটা তো খুব ভালো। যদি চলেই যায়, তবে তা ক্লাব-খেলোয়াড় দুই পক্ষের সুবিধামতো হতে হবে।'
হামজা সম্প্রতি নটস কাউন্টি ও বার্টন অ্যালবিয়নের বিপক্ষে ফুটবল লিগ ওয়ানে বদলি হিসেবে খেলেছেন। তবে দলবদলের গুঞ্জন থাকায় তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্টিন। তিনি বলেন, 'যেভাবে দলবদলের আলোচনা চলছে, এই মুহূর্তে তাকে আমি খেলাচ্ছি না।'
আগামী ১লা সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই হামজাকে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ডার্বি কাউন্টি। হামজা ছাড়াও ভাউট ফায়েস, কুলো ওয়ো ও স্টেফি মাভিদিদির মতো ফুটবলারদের নিয়েও ক্লাবগুলোর আগ্রহ রয়েছে। মার্টিন বলেন, 'তাদের নিয়ে অনেক আগ্রহ রয়েছে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।'
হামজা লেস্টারের হয়ে ১৬৬ ম্যাচে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। তিনি ২০২০-২১ মৌসুমে এফএ কাপ এবং ২০২৩-২৪ মৌসুমে কমিউনিটি শিল্ড জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে ১০ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি।
অনলাইন ডেক্স 























