নওগাঁর পত্নীতলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরিফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোরসালিন (১৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পেঁজাপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর আরিফুল ইসলাম ও মোরসালিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত মোরসালিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
অনলাইন ডেক্স 
























