কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনাস আহমেদ বাপ্পি ওই গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর সেখানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন।
বিয়ের রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। এ সময় একটি স্ট্যান্ড ফ্যান আনাসের শরীরের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কুষ্টিয়া সদর হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। নিহত আনাসের চাচাতো ভাই রুবেল হোসেন বলেন, ‘শুক্রবার বৌভাতের আয়োজন চলছিল। এ সময় পাশে থাকা একটি ফ্যান আনাসের গায়ের ওপর পড়ে। পরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিষয়টি জানতে এবং ঘটনাস্থলের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’
অনলাইন ডেক্স 

























