রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইন উদ্ধারের মামলায় মো. সেলিম আশরাফী, যিনি চুয়া সেলিম নামে পরিচিত, তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ আসামির সাত দিনের রিমান্ডের আবেদন জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, সেলিমের বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস শনাক্ত, আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তার অপরাধের কৌশল সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট র্যাব-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের সেক্টর-৭-এর ব্লক-৫ এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সেলিমের দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১১০ গ্রাম কথিত হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি সেলিম।
অনলাইন ডেক্স 
























