বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিএসআইসিকে বাংলাদেশের এক নম্বর প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরবর্তী ধাপে যেতে এ নিয়োগকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় সম্প্রতি বিএসআইসি গঠিত হয়েছে, যার লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপগুলোর জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন সংগ্রহ করা।
কোম্পানিটি ইতোমধ্যে তাদের প্রথম তহবিল ‘অঙ্কুর’ চালু করেছে, যা ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২৫ কোটি টাকার। এ তহবিল দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে দেশের স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হবে। আগামী পাঁচ বছরে এ তহবিলের আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ওয়াইজ রহিমের পূর্ববর্তী অভিজ্ঞতার মধ্যে রয়েছে লন্ডনভিত্তিক স্টারজন ক্যাপিটালে বাংলাদেশ অংশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন। তিনি ২০১৭ সালে ডেলিগ্রাম নামের একটি সর্বচ্যানেল ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন।
বিএসআইসির চেয়ারম্যান মাসরুর আরেফিন ওয়াইজ রহিমের নিয়োগ প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
অনলাইন ডেক্স 

























