আজান ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যা মুমিনদের হৃদয়ে শান্তি এনে দেয়। বিশেষ করে ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে যেখানে একাধিক মসজিদ রয়েছে, সেখানে আজানের সময় আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়।
আজানের জবাব দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি মহানবী (সা.)-এর সুন্নাহ। তবে, একাধিক মসজিদের আজান একসাথে শোনা গেলে কোনটির জবাব দেওয়া উচিত, এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বিশিষ্ট ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার।
মুফতি আবরার বলেন, যদি একাধিক মসজিদের আজান একসাথে শোনা যায়, তবে প্রথমে যে মসজিদের আজান কানে আসে, সেটির জবাব দেওয়া উচিত। তবে, যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে সবগুলোর জবাব দিতে চান, তবে সেটিও জায়েজ।
যদি একাধিক আজান একই সময়ে শুরু হয়, তবে নিজের মহল্লার মসজিদের আজানের জবাব দিতে হবে। অর্থাৎ, যে মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন, সেই মসজিদের আজানের জবাব দেওয়া উচিত।
মুফতি রেজাউল করীম আবরার আরও বলেন, ইসলামি ইবাদতের পরিধি বিস্তৃত। আজানের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ, তাই সময় ও সুযোগ থাকলে প্রতিটি আজানের উত্তর দেওয়া যেতে পারে। তবে সাধারণ অবস্থায় একটির উত্তর দিতে হলে প্রথমটি বা নিজ মহল্লার মসজিদটি বেছে নিতে হবে।
অনলাইন ডেক্স 
























