নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে, তা আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সূত্র।
ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বুধবার (১২ আগস্ট) বলেন, ‘একাদশে ভর্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আগামী সপ্তাহের রবি-সোমবারের মধ্যে আশা করি ভর্তি আবেদনের তারিখ নির্ধারণ হয়ে যাবে।’
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
এদিকে, গত কয়েক বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার তুলনামূলকভাবে বেশি থাকায় উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আসনসংখ্যা বেড়েছে। তবে গত বছর থেকে পাসের হার কমতে শুরু করেছে, চলতি বছরও পাসের হার আরও কমেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯ হাজার ৩১৪টি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মোট আসন প্রায় ২৭ লাখ ৫০ হাজার। চলতি বছর এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, যা ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। ফলে সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকার আশঙ্কা রয়েছে।
অনলাইন ডেক্স 
























