এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পরিচয় নয়; এটি কেবল নির্দিষ্ট কয়েক ঘণ্টায় পরীক্ষার খাতায় লেখা উত্তরের হিসাব।
মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আজকের দিনটি তোমাদের জন্য খুবই বেদনার আর হতাশার। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা আর নিজের ভেতরের অস্বস্তি সব মিলিয়ে মনে হতে পারে সবকিছু বুঝি থেমে গেল। না, থামেনি। কিছুই থামেনি।'
তিনি আরও বলেন, 'আজকের ফলাফল তোমার পরিচয় নয়। সেটি কেবল পরীক্ষার সেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় তোমার খাতায় লেখার একটা হিসাব মাত্র। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না।'
শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, 'সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তান হয়তো আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আপনার মুখের দিকে তাকাতে। এই মুহূর্তে আপনার একটি কঠিন বাক্য, উপেক্ষা, ভর্ৎসনার চেয়ে দরকার একটু আদর, স্নেহময় কথা।'
তিনি শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, 'অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিন। কেন সে পিছিয়ে পড়ল, সেই কারণ খুঁজে বের করা আমাদের দায়িত্ব; ব্যর্থতার দায় কেবল শিশুটির নয়, আমাদেরও।'
শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আশাবাদী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'তোমার জীবনের গল্প আজ শেষ হয়নি। একসময় দেখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনো লেখা হয়নি।' তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থীরা একদিন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেক্স 























