গোপালগঞ্জে একদিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী ও রাজনীতি থেকে পদত্যাগ করেছেন ১৮ নেতা। শনিবার (১ আগস্ট) দুপুরে মুকসুদপুর পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুর রহমান মীরের বাড়িতে সংবাদ সম্মেলন করে ১৬ নেতা এবং গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও দুই নেতা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন মুকসুদপুর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীর, এবং আরও ১৩ জন। অপর দুই নেতা হলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা।
পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহমান মীর। তিনি বলেন, "আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও জানান, তারা ভবিষ্যতে জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।
সংবাদ সম্মেলনে নেতারা ব্যক্তিগত কারণে সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন বলে উল্লেখ করেন। তবে পদত্যাগের পেছনে অন্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।
অনলাইন ডেক্স 
























