ফিফা বিশ্বকাপসহ নিজেদের টুর্নামেন্টগুলোর শেয়ার বা মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছে। এই প্রস্তাবের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
ফিফার এই পরিকল্পনার প্রতিবাদে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্যদেশ একযোগে ভোট দিয়ে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। একইভাবে, উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফও তাদের ৪১টি সদস্যদেশের পক্ষ থেকে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।
ফিফা তাদের অবস্থান পরিষ্কার করে জানায়, গণমাধ্যমের কিছু ভুল প্রতিবেদনের কারণে আলোচনা কার্যক্রম ব্যাহত হয়েছে। তারা দাবি করে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না। ফিফা এমন চিন্তাভাবনা কখনো প্রশ্রয় দেবে না।’
ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি আলাদা বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠন করতে চায়, যেখানে বহিরাগত বা তৃতীয় পক্ষকে শেয়ার কেনার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিফার ২১১টি সদস্যদেশের ভোটাভুটির প্রয়োজন হবে।
ফিফা তাদের বিবৃতিতে জনসমক্ষে উঠে আসা বিভিন্ন পরামর্শ ও উদ্বেগকে শ্রদ্ধা জানিয়ে একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা আরও জানায়, এফএফই গঠনের প্রস্তাবের মাধ্যমে ফুটবলের নিজস্ব চেতনা ও পরিচালনানীতিতে কোনো আঘাত আসবে না।
অনলাইন ডেক্স 

























