২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান। তিনি শাপলা ট্র্যাজেডি এবং জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।
বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘আলেম, ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ: রক্তবিধৌত জুলাই গণঅভ্যুত্থানের জয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা সানাউল্লাহ খান বলেন, শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল। তার অভিযোগ, জঙ্গিবাদের অভিযোগকে ব্যবহার করে তৎকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছিল।
সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে আলেম সমাজের পাশে বৃহত্তর জনগোষ্ঠী দাঁড়াতে পারেনি। তিনি বলেন, ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে নারী-পুরুষ নির্বিশেষে মানুষ রাজপথে নেমে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
অনলাইন ডেক্স 






















