চাঁদপুরের মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের ভূঁইয়াকান্দি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের কারণে একটি মসজিদের প্রধান প্রবেশপথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) এই ঘটনা ঘটে। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের দিকে।
স্থানীয়রা জানান, ১৯৮২ সালে তিন ভাই শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মনির হোসেনের সম্মতিক্রমে মসজিদের নামে তিন শতাংশ জমি দান করা হয়। পরবর্তীতে রেকর্ড-সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য আরও এক শতাংশ জমি দান করা হয়। দীর্ঘদিন ধরে ওই জমির ওপর মসজিদ পরিচালিত হয়ে আসছে।
স্থানীয়দের অভিযোগ, গত সাত থেকে আট বছর ধরে রফিকুল ইসলাম মসজিদের উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করে আসছেন। সম্প্রতি তিনি মসজিদের প্রধান প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে মুসল্লিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। নামাজ আদায় করতে আসা মুসল্লিরা এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহানুর আলম জানান, প্রবেশপথ বন্ধ হওয়ায় মুসল্লিদের যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রধান বলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিন ভাইকে একসঙ্গে বসার আহ্বান জানানো হলেও তা হয়নি।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তিনি যে জায়গায় বেড়া দিয়েছেন, সেটি তার নিজস্ব জায়গা। তিনি জানান, বিষয়টি আইনগত বা সামাজিকভাবে নিষ্পত্তি হলে তিনি সেই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দেখে জানতে পেরেছেন। তিনি জানান, যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশপথ বন্ধ হয়ে থাকে, তাহলে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।
অনলাইন ডেক্স 
























