ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে বার্ষিক প্রতিরক্ষা নীতি বিল (এনডিএএ) আটকে দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এই বিলে ১.১৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা ব্যয়ের প্রস্তাব ছিল।
বুধবার (১৫ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প প্রশাসন কোনো কংগ্রেসীয় অনুমোদন ছাড়া, কোনো স্পষ্ট কৌশল ছাড়া এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ শুরু করেছে।
মঙ্গলবার সিনেটে বিলটির ওপর ভোট হয়। পক্ষে পড়ে ৫০ ভোট, বিপক্ষে ৪৬। তবে ১০০ সদস্যের সিনেটে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় বিলটি আটকে যায়। ভোটের ফলাফল মূলত দলীয় রেখায় বিভক্ত ছিল।
ডেমোক্র্যাটরা আশঙ্কা করছেন, এত বড় প্রতিরক্ষা বিল পাস করলে তা ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরু হওয়া ইরান যুদ্ধের প্রতি কংগ্রেসের নীরব সমর্থন হিসেবে দেখা হবে।
অন্যদিকে রিপাবলিকান নেতা জন থুন ডেমোক্র্যাটদের উদ্দেশে বলেন, তারা জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন, এই বিল আমাদের সামরিক বাহিনীকে বর্তমানে শক্তিশালী রাখবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে।
অনলাইন ডেক্স 























