ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন। তার দাবি, প্রয়োজন হলে হোয়াইট হাউজের ভেতরেই প্রবেশ করে ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে।
সোমবার (১৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কানানি মোকাদ্দাম ফারারু নামের একটি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
তিনি বলেন, যদি ট্রাম্পকে হত্যা করাই উদ্দেশ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তা বাস্তবায়ন করতে সক্ষম। প্রয়োজন দেখা দিলে সেই সামর্থ্য তাদের রয়েছে বলেও দাবি করেন তিনি।
সাক্ষাৎকারে কানানি মোকাদ্দাম তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনার বিষয়েও কথা বলেন। তার মতে, এই সংলাপের লক্ষ্য শান্তি চুক্তিতে পৌঁছানো নয়, বরং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবে ইরানের অবস্থান তুলে ধরা।
তিনি আরও বলেন, ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে ইরান শান্তির উদ্দেশ্যে আলোচনা করছে না। আলোচনার মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দিতে চায়। তবে কানানি মোকাদ্দামের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র বা হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 





















