গুলশানের একটি বাড়ি দখলের মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে করা সম্পত্তির রেজিস্ট্রি এবং পরবর্তী সব হস্তান্তর অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (১৩ জুলাই) এ রায় দেন আদালত।
মামলার নথি অনুযায়ী, গুলশানের সিডব্লিউএন (নর্থ) এলাকার একটি বাড়ি বন্ধক রেখে এআরএ জুট ট্রেডিং করপোরেশন অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেয়। ঋণ খেলাপি হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাওনা পরিশোধ করে সম্পত্তি ছাড়িয়ে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু একটি ভুয়া সমঝোতা স্মারক দেখিয়ে সম্পত্তিটি নাসা গ্রুপের চেয়ারম্যানের নামে রেজিস্ট্রি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবির খানকে গুম করে মামলা প্রত্যাহারে বাধ্য করা হয়। পরে তিনি গুম কমিশনে অভিযোগ করেন এবং রিভিউ আবেদন করেন। আপিল বিভাগ তার আবেদন গ্রহণ করে পুনরায় শুনানির পর আপিল মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে ভুয়া সমঝোতা স্মারক, জাল স্বাক্ষর ও অসত্য তথ্যের বিষয়টি প্রতীয়মান হয়েছে। আপিল বিভাগ এসব বিবেচনায় সম্পত্তির মূল হস্তান্তরসহ পরবর্তী সব নিবন্ধন অবৈধ ঘোষণা করেন।
অনলাইন ডেক্স 
























