চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্প এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রমজান আলী (৩৩) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেফতার করে। তিনি সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরী ঘাটা মাদরাসা রোড এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে শীতলপুর এলাকায় সাগরিকা ও বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রধান ফটকের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। এর ফলে ওই এলাকার অন্তত পাঁচটি শিপইয়ার্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তিনি বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ভাঙচুরের হুমকি দেন।
সাগরিকা শিপইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা রায়হান উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় রমজান আলী ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন ডেক্স 























