মৌলভীবাজার জেলার সব নদ-নদীতে অতি বৃষ্টির কারণে পানি বেড়ে গেছে। কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে অন্তত ৪০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মনু নদীর রাজনগরের দুটি পয়েন্ট ও কুলাউড়ার একটি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল পর্যন্ত জেলার নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার, বুধবার বিকাল ৬টা পর্যন্ত ৭৯ মিলিমিটার এবং বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয়দের মতে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুরে মনু নদীর বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। হরিপাশা, উজিরপুর, কান্দিরকুল, একামধু ও গনেশপুরসহ আশপাশের গ্রামগুলো প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
বর্ষণের ফলে পাহাড়ি ঢল নেমে কমলগঞ্জের মাধবপুর ভায়া শ্রীমঙ্গলে যাতায়াতের সড়কে নুরজাহান চা বাগানের গোয়াবাড়ি নামকস্থানে একটি কালভার্ট ধসে পড়েছে। আদমপুর-ইসলামপুর সড়কও তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানিয়েছেন, ধলাই নদীর মখাবিলে ভাঙন দেখা দিয়েছে। ভারতীয় বিএসএফের বাঁধার কারণে মখাবিলের এই অংশে কাজ করানো সম্ভব হয়নি।
অনলাইন ডেক্স 






















