ময়মনসিংহের ভালুকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রাইভেটকার চালক ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালক ফারুক হোসেন, তাঁর স্ত্রী শিল্পী আক্তার ও ছেলে হুজাইফি হাসান নয়ন আহত হয়েছেন। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পরিবারের পক্ষ থেকে ঘটনার বিচার চেয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিজ বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ফারুক হোসেন। এ সময় পূর্ববিরোধের জেরে রাজিব হোসেন, রাসেদ, তাঁদের বাবা আছর আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
ফারুক হোসেনের চিৎকার শুনে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী ও ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তাঁদেরও মারধর করা হয়। এতে নয়নের মাথায় আঘাত লাগে এবং শিল্পী আক্তারের একটি হাত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত ফারুক হোসেন বলেন, ‘রাজিব আমার চাকরি নষ্ট করার উদ্দেশ্যে আমার মালিকের কাছে মিথ্যা অভিযোগ দেয়। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসা করলে হামলা চালানো হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অন্যদিকে, অভিযুক্ত আছর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলেদের সঙ্গে ঝগড়া হয়েছে, কিন্তু আমি কোনো মারামারিতে অংশ নিইনি।’ ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইন ডেক্স 























