ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে তারা পৃথক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
জাবের ও জুমা জানান, ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও তারা ইনকিলাব মঞ্চের দায়িত্বে থাকবেন। শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাবের তার পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা শেষ করতে পারেননি। তিনি বলেন, গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ফাতিমা তাসনিম জুমা জানান, তিনি বাংলাদেশপন্থী সংস্কৃতির স্বার্থে ইনকিলাবে যুক্ত হয়েছিলেন, কিন্তু সংগঠনটি রাজনৈতিক পরিসরে প্রবেশ করতে শুরু করলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সামনে আসে এবং ট্রাস্ট গঠনের চেষ্টা করা হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি।
জুমা আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে পরিচালিত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হলেও, তার দায়িত্বকালীন সময়ের সেন্টারের সব হিসাব দ্রুত প্রকাশ করা হবে। তিনি বলেন, ইনকিলাবের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার চেষ্টা অব্যাহত থাকবে।
অনলাইন ডেক্স 






















