দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের বিরুদ্ধে এক সাংবাদিককে 'স্যার' বা 'মহোদয়' বলে সম্বোধন করার দাবি জানানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে সমালোচনার সৃষ্টি করেছে।
৫ জুলাই, রবিবার, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাত্তর টেলিভিশনের হিলি প্রতিনিধি সামিউল ইসলাম আরিফের সঙ্গে এই ঘটনা ঘটে। সাংবাদিকের অভিযোগ, তথ্য সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গেলে ডা. রবিন তাকে দাপ্তরিক শিষ্টাচার শেখানোর চেষ্টা করেন।
সাংবাদিকের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যেভাবে 'স্যার' বলা হয়, তেমনিভাবে স্বাস্থ্য কর্মকর্তাকেও একইভাবে সম্বোধন করতে হবে বলে জোর দেওয়া হয়। সামিউল ইসলাম আরিফ বলেন, সরকারি কর্মকর্তাদের সম্মান দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের, তবে নির্দিষ্ট সম্বোধন চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।
হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের যথাযথ সম্মান দেখানো সাংবাদিকদের দায়িত্ব, কিন্তু জোর করে সম্বোধন ব্যবহার করতে বাধ্য করা ঠিক নয়।
দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি জানান, সরকারি কর্মকর্তাদের 'স্যার' বা 'মহোদয়' বলে সম্বোধন করার কোনো বাধ্যবাধকতা নেই এবং এটি ব্যক্তিগত বিষয়। অভিযোগ সম্পর্কে ডা. রবিনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অনলাইন ডেক্স 





















